এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, শুরু ও ফাইনাল কবে জানুন
এশিয়া কাপ নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটেছে অবশেষে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভায় টুর্নামেন্ট সংক্রান্ত অনেক বিষয় পরিষ্কার হয়ে গেছে। যদিও তখনো চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি, এবার আয়োজক কর্তৃপক্ষ প্রকাশ করেছে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি।
চলতি বছরের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। পুরো আসরটি আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর ১৬ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে আফগানিস্তানের।
এর আগে, ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব।
গ্রুপ বিভাজনের দিক থেকেও এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত। ভারত ও পাকিস্তান রাখা হয়েছে একই গ্রুপে, অর্থাৎ ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
এর আগে এশিয়া কাপ নিয়ে নানা ধরণের গুঞ্জন থাকলেও, ঢাকায় অনুষ্ঠিত এসিসি সভার পর সব অনিশ্চয়তা কাটিয়ে স্পষ্ট হয়েছে পুরো চিত্র।










