“‘৪৭, ‘৭১, ‘২৪—অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে: তাসনিম জারা”
“‘৪৭, ‘৭১, ‘২৪—অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে: তাসনিম জারা”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, “মধুমতির তীরে অবস্থিত গোপালগঞ্জ সমগ্র বাংলাদেশেরই অংশ। অতীতে যেভাবে কিছু জেলাকে দলীয়করণ করা হয়েছে—যেমন বগুড়া, কুমিল্লা—এবং অন্যদের বঞ্চিত করা হয়েছে, সেই পুরনো সংস্কৃতিতে আমরা আর ফিরতে চাই না।”
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারা লিখেছেন, “কেউ কেউ আমাদেরকে ‘৭১ বিরোধী’ হিসেবে দেখাতে চায়। কিন্তু সত্য হলো—‘৭১ আমাদের, ‘২৪-ও আমাদের। ১৯৪৭, ১৯৭১, ২০২৪—এই জনপদের মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।”
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে নিজের সম্পত্তি ভাবতে পারবে না। কারও ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার। যারা দেশের সংস্কারের পথে বাধা দেবে, জনগণ তাদের মনে রাখবে।”
এনসিপির জুলাই মাসের কর্মসূচি নিয়ে তিনি জানান, “দেশ গঠনের এই পদযাত্রায় কোনো জেলা বাদ যাবে না। গোপালগঞ্জও নয়। এখানকার সন্তানদের যেন বৈষম্যের শিকার হতে না হয়, সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন। গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা গড়ব নতুন বাংলাদেশ। পথ কঠিন, চ্যালেঞ্জ বড়; কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলে যায়।”










