অবশেষে নিষিদ্ধ হলেন মেসিও
মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে খেলতে পারবেন না তারা।
অল-স্টার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে মেসি ও আলবার নাম থাকলেও, ইনজুরি না থাকা সত্ত্বেও তারা ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো আঘাত ছাড়া অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী একটি ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত অল-স্টার ম্যাচে এমএলএস অল-স্টার দল ৩-১ গোলে হারায় লিগা এমএক্স একাদশকে। ইন্টার মায়ামির হয়ে শুধু মেসি ও আলবা প্রাথমিকভাবে দলে সুযোগ পেলেও তারা দুজনই ম্যাচে অংশ নেননি।
মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো প্রথমে আশা করেছিলেন, তার দুই শিষ্যের ওপর নিষেধাজ্ঞা আসবে না। শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার দল মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। মেসির মধ্যে কিছুটা ক্লান্তি দেখা গেছে। তবে সে ফিরেছে, আমরা আশাবাদী ছিলাম আগামী ম্যাচে তার ওপর ভরসা রাখতে পারব।”
কিন্তু সেই আশার অবসান ঘটে নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণার পর। ফলে সিনসিনাটির বিপক্ষে মাঠের বাইরে থাকতে হচ্ছে মেসি ও আলবাকে।
এমএলএসে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন সর্বোচ্চ ১৮ গোল (যৌথভাবে), সঙ্গে রয়েছে ১০টি অ্যাসিস্ট। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলেছেন ৬টি এবং ফিফা ক্লাব বিশ্বকাপে আরও ৪টি ম্যাচ।
সূত্র: সময়ের কন্ঠস্বর










