নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন
ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কিশোরী। পাঁচ দিন ধরে চলা এই অনশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীটি ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক হিসেবে সক্রিয় ছিল। তার দাবি, আন্দোলনের সময় এক কিশোরের সঙ্গে তার পরিচয় হয়, যা পরে প্রেমে রূপ নেয়। সম্পর্কের একপর্যায়ে তারা ঘনিষ্ঠও হন বলে অভিযোগ করেন কিশোরী।
এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় অকৃতকার্য হন তিনি। বর্তমানে তিনি প্রেমিকের পরিবারের সম্মতি আদায়ের লক্ষ্যে অনশনে রয়েছেন।
কিশোরীর দাবি, তার প্রেমিক একজন কিশোর এবং নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন তা অস্বীকার করছে বলে অভিযোগ কিশোরীর।
অন্যদিকে, অভিযুক্ত কিশোরের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তার মা-বাবার ভাষ্য, “আমাদের ছেলে নির্দোষ। একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।”
এ বিষয়ে জানতে চাইলে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, “তরুণী যদি থানায় বা আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সূত্র : সময়ের কন্ঠস্বর










